
কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাছিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোরের দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাছিমা খাতুন ওই এলাকার শহিদুলের স্ত্রী।
জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে নাছিমাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে তাঁদের হুমকি-ধমকিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বাটিকামারা মসজিদপাড়া এলাকার জনে শেখের ছেলে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাছিমাদের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়।
নিহতের মা আলেয়া খাতুন অভিযোগ করে জানান, এ সময় বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্ত আকরাম নাছিমা খাতুনকে ধাক্কা দেন এবং চড় মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁর পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাছিমাকে উদ্ধার করেন। তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নাছিমা খাতুনকে হত্যার অভিযোগে থানায় একটি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।