
নওগাঁ সদর থানাকে জেলা পুলিশের ‘আয়না’ হিসেবে উল্লেখ করে থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যকে আরও দক্ষতা, সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
গতকাল সন্ধ্যায় নওগাঁ সদর থানার সব কর্মকর্তা ও ফোর্সকে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সদর থানার সার্বিক কার্যক্রম, দায়িত্ব পালনের মান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার বলেন, নওগাঁ সদর থানা হচ্ছে নওগাঁ জেলা পুলিশের আয়না। জেলার গুরুত্বপূর্ণ এই থানার কার্যক্রম ও পুলিশ সদস্যদের আচরণের মধ্য দিয়ে সাধারণ মানুষ জেলা পুলিশের সামগ্রিক চিত্র দেখতে পান। তাই সদর থানার প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে আরও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে আচরণ, সেবা প্রদান এবং অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
তিনি সভায় উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিশেষ করে সড়কে সংঘটিত অপরাধ, মাদক কারবার এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অপরাধ দমনে তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্ব, অনিয়ম কিংবা দুর্নীতির সুযোগ নেই। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্ব কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে বিবেচনা করা হবে। পুলিশ সদস্যদের সততা, পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।
ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পুলিশ হচ্ছে মানুষের ন্যায়বিচার পাওয়ার প্রথম আশ্রয়স্থল। কোনো ব্যক্তি বিপদে পড়ে থানায় এলে কিংবা কোনো অপরাধের ঘটনা ঘটলে পুলিশকে দ্রুত সাড়া দিতে হবে। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেবাপ্রত্যাশী মানুষ যেন পুলিশের কাছ থেকে যথাযথ সহযোগিতা পান, সেটি নিশ্চিত করতে হবে।
তিনি আরও নির্দেশনা দেন, কোনো ঘটনা ঘটার পর অযথা সময়ক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দায়িত্ব পালনে অবহেলা না করে প্রতিটি সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ
পেশাদারত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নওগাঁ সদর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।