গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন
- Update Time : ১২:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 18

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। পরে সকাল ৯টার দিকে তারা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পর শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।


























