রৌমারীতে ঘরের ধরনার সঙ্গে ঝুলছিল বৃদ্ধার মরদেহ, তদন্তে পুলিশ
- Update Time : ০৭:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 13

কুড়িগ্রামের রৌমারীতে রেজেক বানু (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কলেজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
নিহত রেজেক বানু ওই এলাকার ইয়ার চাঁনের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজেক বানু দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনার দিন বাড়িতে পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না। এ সুযোগে ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে বাড়িতে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় ঘরের দরজা ভেঙে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে রৌমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, নিহত নারীর ছেলে সিলেটে থাকেন। তাঁর পুত্রবধূ চার দিন আগে বাবার বাড়িতে গেছেন। ঘটনার সময় বাড়িতে পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না বলে জানা গেছে।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।











