দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান ও পুশ-ইন রোধে বিজিবির সচেতনতামূলক সভা
- Update Time : ০২:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 6

দোয়ারাবাজার সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচার ও পুশ-ইন প্রতিরোধে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার বাঁশতলা বিওপি সংলগ্ন শহীদ মিনার এলাকায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা। তিনি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, পুশ-ইন এবং ভারত থেকে গরু ও সুপারি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন। চোরাকারবারীদের কোনো ধরনের প্রলোভনে পা না দিয়ে এবং সীমান্তবর্তী এলাকায় কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হতে স্থানীয় জনগণকে বিশেষভাবে সতর্ক করা হয়।
বক্তব্যে মো. সেলিম রানা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সীমান্ত ও শূন্যরেখার (জিরো লাইন) আশপাশে সাধারণ মানুষের অপ্রয়োজনীয় ঘোরাফেরা ও চলাচল সম্পূর্ণ পরিহার করতে হবে। সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি দেখা দিলে কিংবা পুশ-ইন, মানব পাচার অথবা চোরাচালানের তৎপরতা নজরে এলে কালবিলম্ব না করে তাৎক্ষণিকভাবে তা নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার আহ্বান জানান তিনি। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ ও সীমান্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা কামনা করে বিজিবি।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ, মানব পাচার ও পুশ-ইন প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সীমান্তে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে বিজিবির এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























