লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে বেদে পল্লীর ৯ পরিবারের ঘর পুড়ে ছাই
- Update Time : ০৯:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 6

লক্ষ্মীপুর দক্ষিণ মজুপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা ভয়াবহ আগুনে বেদে সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৯টি পরিবারের সহায় সম্বল সবকিছু পুড়ে গেছে। আগুন নেভানোর সময় ইসমাত আরা নামে এক নারীও আহত হয়েছেন। এছাড়া শিকলে বাঁধা একটি বানরও পুড়ে মারা যায়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের নির্বাচন অফিসের পেছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রওশন আলীর ঘরে তার পুত্রবধূ সোনিয়া গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। এ সময় সিলিন্ডারের মুখে আগুন ধরে মুহূর্তেই তা ঘরে ছড়িয়ে পড়ে। পরে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের ঘরগুলোতেও আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুই ব্যক্তির মালিকানাধীন ২ ঘরের ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, স্বর্ণালংকারসহ তাদের ৪০ লাখ টাকার বেশি সম্পদ পুড়ে গেছে।
এদিকে, আগুন নেভানোর সময় মাথায় কাঠ পড়ে আহত হন ইসমাত আরা নামে এক নারী। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মোঃ আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি'র নির্দেশনায় তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের ডেউটিন, পোশাক ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।





















