তাহিরপুরে অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ গ্রেপ্তার ১
- Update Time : ০৯:০০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 14

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ মো. হেলাল মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরাতন মাহারাম এলাকায় শান্তিপুর বাজার থেকে শিমুলবাগানগামী কাঁচা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় দলটি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বস্তায় বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। বস্তাটি তল্লাশি করে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মদের বোতলে Officer's Choice (১৮০ মিলিলিটার) এবং Made in India লেখা ছিল। গ্রেপ্তারকৃত হেলাল মিয়া তাহিরপুর উপজেলার রাজাইছড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
এসআরবি-৯ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া জানিয়েছেন, তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট এ-৯–এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯–এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




















