গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
- Update Time : ০৩:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 13

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় পরপর ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছনে থাকা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহাসড়কের ওই অংশে দুর্ঘটনাস্থল ঘিরে পরিস্থিতির সৃষ্টি হয়।
দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
ওসি আরও জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম চালানো হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

























