দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- Update Time : ০৮:০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 5

জরুরি রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ লাইন মেরামত এবং সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে কোনো কোনো এলাকায় টানা ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। শুক্রবার (৩০ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর ও শেখ পাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময় কিছুটা পরিবর্তন হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী জানিয়েছেন, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে শিবগঞ্জের সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ পাবেন না।
এদিকে সিলেটেও দুটি উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩/১১ কেভি লাকাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচার আংশিক, পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের অধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদাম বাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকাও এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে।
অন্যদিকে, আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের আওতাধীন এলাকায় সকাল ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেটের সম্পূর্ণ এলাকা, ফরিদাবাদ আবাসিক এলাকা ও আশপাশের গ্রাহকেরা বিদ্যুৎ পাবেন না।
বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।























