বিয়ের মাত্র চার মাসেই সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী
- Update Time : ০৯:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 13

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের চার মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন স্বামী মিরাজ হোসেন (২৫)। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার গ্রামের এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে ও পেশায় নৌকার মাঝি মিরাজ হোসেনের বিয়ে হয়। বিয়ের আগে ওই তরুণী স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।
বিয়ের পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। বিয়ের মাত্র চার মাসের মাথায় সন্তান জন্মের বিষয়টি জানাজানি হলে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর স্ত্রীকে তালাকনামা পাঠান মিরাজ।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তাঁর এ পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই ও প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় আবুল খায়েরের সঙ্গে বিয়ে এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল খায়ের পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
স্বামী মিরাজ হোসেন বলেন, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান প্রসবের বিষয়টি জানার পর খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর স্ত্রীর মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনায় জড়িত। এ কারণে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সদস্যদের নিয়ে রোববার বিকেলে তাঁর কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়েছে।

























