বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- Update Time : ০৪:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 17

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে প্রথমবারের মতো তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তালিকায় বাংলাদেশ থেকে আরও জায়গা পেয়েছেন দুই নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা।
প্রকাশিত তালিকায় তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে। তালিকায় তাঁর পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। নতুন সরকারের প্রধান হিসেবে তাঁর রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবের বিষয়টি তালিকায় স্থান পাওয়ার ক্ষেত্রে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ থেকে তালিকায় থাকা অন্য দুই ব্যক্তি ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে স্থান পেয়েছেন। তাঁদের একজন ড. হামিদা হোসেন। তিনি একজন প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক ও লেখক। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত তিনি। মানবাধিকার, নারীর অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের কাজের জন্য আন্তর্জাতিক পরিসরে তাঁর পরিচিতি রয়েছে।
তালিকার আরেক বাংলাদেশি রাজিয়া সুলতানা। তিনি একজন আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার, বিশেষ করে শরণার্থী নারী ও শিশুদের সুরক্ষায় কাজের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন তিনি। রোহিঙ্গা নারীদের ওপর নির্যাতন ও সহিংসতার অভিজ্ঞতা নথিবদ্ধ করতেও কাজ করেছেন রাজিয়া সুলতানা।
এর আগে ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম নেই।
প্রকাশনাটির ভূমিকা অংশে বলা হয়েছে, বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক, আর্থিকসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্যক্তিত্বদের নির্বাচন করা হয়। এ ক্ষেত্রে প্রভাবের ইতিবাচক বা নেতিবাচক—দুই ধরনের দিকই বিবেচনায় আসতে পারে। তালিকায় স্থান পাওয়া মানেই সংশ্লিষ্ট ব্যক্তির মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশনাটির সমর্থন নয়।
তালিকাটির বিন্যাসেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। শীর্ষ ৫০ ব্যক্তিকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে রাখা হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রম ছাড়াই ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এসব বিভাগের মধ্যে রয়েছে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্র।
২০২৭ সালের সংস্করণে তারেক রহমান, ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা—বাংলাদেশের এই তিন ব্যক্তিত্বই ক্রমানুসারবিহীন ৪৫০ জনের তালিকায় রয়েছেন। অর্থাৎ তাঁদের নাম তালিকায় থাকলেও নির্দিষ্ট কোনো অবস্থান বা র্যাঙ্ক দেওয়া হয়নি।
‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনাটি প্রতিবছর বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের পরিচিতি ও তাঁদের প্রভাবের ক্ষেত্র তুলে ধরে। ২০২৭ সালের সংস্করণটি এ প্রকাশনার ১৮তম বার্ষিক আয়োজন।


























