মোংলায় নিখোঁজ জেলে মেহেদীর মরদেহ উদ্ধার
- Update Time : ০১:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 4

বাগেরহাটের মোংলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মেহেদী (২২) নামে এক তরুণ জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের চিলা ব্রিজসংলগ্ন এলাকায় জেলের জালে আটকে থাকা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। পরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাটের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিখোঁজ মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা। সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুমে কাজ করতে যাওয়ার পথে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মোংলার সিন্দুরতলা এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাপথে সিন্দুরতলা এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি নদীর পাড়ে নোঙর করা ছিল। সকালে ঘুম থেকে উঠে নদীর ধারে দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যান মেহেদী। পরে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
খবর পেয়ে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। দিনভর তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে রাতের অন্ধকারের কারণে অভিযান স্থগিত করা হয়। শুক্রবার বিকেলে চিলা ব্রিজসংলগ্ন এলাকায় জেলের জালে আটকে থাকা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান আমার দেশকে জানান, নিখোঁজ জেলে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাটের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় নিহতের স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।























