পথে বিকল হলো পিকআপ, এরপরই দুইজনকে পিটিয়ে টাকা ছিনতাই
- Update Time : ০৮:০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 5

নওগাঁর মহাদেবপুরে পিকআপ বিকল হওয়ার সুযোগে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় টাকা রক্ষায় বাধা দেওয়ায় ব্যবসায়ীর ম্যানেজার ও পিকআপচালককে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। এতে দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিমের চাচাতো ভাই ও দোকানের ম্যানেজার মজনু এবং পিকআপচালক সোহেল। ব্যবসায়ী আব্দুল আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বারিক মণ্ডলের ছেলে। তিনি মহাদেবপুর উপজেলায় ভাঙারির ব্যবসা পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারি সামগ্রী বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে ম্যানেজার মজনু ও চালক সোহেল বগুড়া থেকে পিকআপযোগে মহাদেবপুরে ফিরছিলেন। পথে তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে হঠাৎ পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁদের গতিরোধ করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা দুজনের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। পরে তাঁদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করেন।
আহত দুজনকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আলিম জানান, বগুড়ায় দোকান ও ভাঙারি সামগ্রী বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে তাঁর ম্যানেজার ও চালক মহাদেবপুরে ফিরছিলেন। পথে গাড়ি নষ্ট হওয়ার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তাঁদের মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





















